গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে আগুনের ঘটনা নাশকতামূলক কাজ কি-না তা উদ্ঘাটন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শেখ হাসিনা আহতদের চিকিৎসার জন্য দ্রুত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। শোক বার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আহত ব্যক্তিদের আশু আরোগ্য কামনা করেন। যশোর জেলার বেনাপোল থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনের দিকে যাওয়ার সময় শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসটিতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
