নান্দাইলে ভোটকেন্দ্রে আগুন 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:৩১ পিএম

ময়মনসিংহের নান্দাইলে একটি ভোট আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবারে গভীর রাতে নান্দাইল সংসদীয় আসনের ৮নং সিংরইল ইউনিয়নের ৭নং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: খোকন মিয়া জানান, ঘুম থেকে উঠে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখতে পাই তিনতলা বিশিষ্ট একটি ভবনের নীচ তলার তিনটি ক্লাস রুম ও অন্য একটি বিল্ডিংয়ের কিছু অংশ পুড়ে ছাই হয়ে গেছে। 

আগামী ৭ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭নং ওয়ার্ডের ২১৮৫ জন ভোটার এই ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

নান্দাইল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনটি ক্লাস রুম সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এছাড়াও বাইরের দিকে থাকা একটি পরিত্যক্ত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভবনটি তিন তলা হওয়ায় ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি। 

তিনি আরও জানান, রাতের আঁধারে কে বা কারা এই কাজ করেছে তা বলা যাচ্ছে না। বিভিন্ন সংস্থা বিষয়টি তদন্ত করে দেখছে। 

সহকারী রিটার্নিং অফিসার ও নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত