নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুটি ভোট কেন্দ্রের সামনে আগুন দিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া পৌর শহরের পারভীন সিরাজ মহিলা কলেজ ভোট কেন্দ্রের মূল ফটকের সামনে তারা আগুন দেয়। এছাড়াও উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী সাইফুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে আগুন দিয়ে তারা বিক্ষোভ করে। এ সময় বিএনপির নেতাকর্মীদের শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
জেলা বিএনপি নেতা ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের নেতৃত্বে নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছে।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সেলিম মিঞা বলেন, খবর পেয়ে রাতেই ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। আগুন দেওয়ার পর দায়িত্বরত গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা আগুন নিভিয়ে ফেলে। ফলে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে আগুনে পুড়ে দুরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার আংশিক ক্ষতি হয়েছে।
