বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় গতকাল শনিবার সড়কে পিকেটিং করে একটি সিএনজি চালিত অটোরিকশা, ২০টি ইজিবাইক (টমটম) ও দুইটি ট্রাক গাড়িসহ অন্তত ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
জানা যায়, পেকুয়া উপজেলার সদরের বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন আহমদের বাড়ির সামনে সিকদারপাড়া এলাকায় সড়কে পিকেটিং করার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্রদল-যুবদল নেতাকমীর্দের সংঘর্ষ হয়। এ সময় পেকুয়া উপজেলা যুবদল সভাপতি কামরান জাদীদ মুকুট (৩৫), যুবদল কর্মী জয়নাল (৩২), ছাত্রদল কর্মী সাকি (১৮), রিফাত (১৭) গুলিবিদ্ধ হন। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটকের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সংঘর্ষের পর থেকে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিছু কিছু জায়গায় হরতাল সমর্থনকারীরা যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুর করেছে। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
