কুড়িগ্রাম-৩ ( উলিপুর) আসনে জাল ভোট দেওয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্রু (২২) নামের এক যুবকে ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উলিপুরের বড়াবুড়ি ইউনিয়নের মণ্ডলের হাট উচ্চ বিদ্যালয় ১১১নং কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে এই জাল ভোটের ঘটনা ঘটে। ভয়ভীতি প্রদর্শন করে উলিপুরের রামেশ্বর গ্রামের ওহিয়ার রহমানের ছেলে মাহাতাব হোসেন রুদ্রু জাল ভোট দিতে গেলে পুলিশ তাকে আটক করে। খবর পয়ে তাৎক্ষণিক বিচার আদালত, নির্বাচন এলাকা ২৭ কুড়িগ্রাম-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন।
আদালতের সামনে দোষ স্বীকার করায় বিজ্ঞ বিচারক মাহাতাব হোসেন তাকে ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। একইসঙ্গে ওই কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাহাতাব হোসেন রুদ্রু এবং প্রত্যাহারকৃত প্রিজাইডিং কর্মকর্তা পুলিশ হেফাজতে রয়েছে।
