রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আব্দুর রউফ (২০) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। রউফ বসুন্ধরা আবাসিক এলাকার কে ব্লকের মদিনাতুল উলুম মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আজ রবিবার (৭ জানুয়ার) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কলাবাড়ি গ্রামের আকমত আলীর ছেলে।
হাসপাতালে তার সহপাঠী জুবায়ের আহমেদ ও মো. মাহবুব জানান, বিকেলে তারা ৬-৭ জন ঘুরতে বের হয়েছিলেন। ৩০০ ফিট রাস্তার বহুল আলোচিত ইউটার্নের ওপর উঠে দাঁড়িয়ে ছিলেন সবাই। পাশেই একটি সিএনজি অটোরিকশা দাড় করানো ছিল। তখন একটি দ্রুতগতীর মাইক্রোবাস সজোরে অটোরিকশাটিতে ধাক্কা দেয়। এতে তিনি ইউটার্ন থেকে নিচের রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলক্ষেত থানা পুলিশকে জানানো হয়েছে।
