ফল বাতিল করে সরকারকে পদত্যাগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রবিবারের নজিরবিহীন ডামি নির্বাচন আওয়ামী লীগকে দেশ পরিচালনায় রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেবে না। এই নির্বাচন দেশকে প্রকারান্তরে প্রবল কর্তৃত্ববাদী একদলীয় অগণতান্ত্রিক শাসনের দিকেই পরিচালিত করবে। ফ্যাসিবাদী দুঃশাসনকে নতুন মাত্রা দেবে, অবশিষ্ট গণতান্ত্রিক অধিকারকে আরও বিপদগ্রস্ত করবে।

আজ সোমবার বিকেলে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় সংগঠকদের সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, গতকালকের নির্বাচনী তামাশা একদিকে দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থাকে কবরে পাঠাল, আর অন্যদিকে দেশের অবশিষ্ট  বহুদলীয় গণতান্ত্রিক কাঠামোকেও গভীর খাদে নিক্ষেপ করেছে। সরকার ও সরকারি দলের একতরফা ভাগবাটোয়ারার ডামি নির্বাচন বর্জন করে সরকারের প্রতি গণঅনাস্থা প্রকাশ করায় দেশবাসীকে অভিনন্দন জানান তিনি।

তিনি আরও বলেন, বিরোধী দলসমূহের ডাকে ভোট বর্জনের মধ্য দিয়ে মানুষ আরও একবার তাদের অহিংস প্রতিবাদের শক্তির প্রমাণ দিয়েছে। সাজানো ডামি নির্বাচনের প্রতি গণঅনাস্থা দেখিয়ে একটি শ্বাসরুদ্ধকর ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ তাদের পুঞ্জিভূত ক্ষোভেরও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। নির্বাচনের নামে এই গণতামাশা ভোটারদের প্রতি যে চরম অবমাননার সামিল, আজ ভোটারেরা তার জবাব দিয়েছে।

তিনি অনতিবিলম্বে ভোটের ফলাফল বাতিল করে সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক সংকট উত্তরণে বিশ্বাসযোগ্য কার্যকরী রাজনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, রাশিদা বেগম, এপোলো জামালী, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম,  স্নিগ্ধা সুলতানা ইভা, শেখ মোহাম্মদ শিমুল, আইয়ুব আলী, জামাল সিকদার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত