৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি মঙ্গলবার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১০:৩৫ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৯ মামলায় জামিন শুনানি আগামীকাল মঙ্গলবার। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুর ১২টার দিকে এ মামলার শুনানি হবে। 

এর আগে গত ৩১ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত শুনানির জন্য এই তারিখ ধার্য করেছিলেন। সেদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, এর আগে ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। পরবর্তীতে উচ্চ আদালত জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে রবিবার আবারও জামিনের আবেদন করি। আদালত শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুলসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। পরদিন ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে ফখরুলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত