ভারতের সংগীত পরিচালক এ আর রহমানের বিকৃত সুরে বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি সব অনলাইন প্ল্যাটফরম থেকে সরানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ-সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত বলিউড সিনেমা ‘পিপ্পা’তে কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘কারার ঐ লৌহ কপাট’ গানের রিমেক ব্যবহার হয়েছে। এতে সুর করেছেন অস্কারজয়ী ভারতের সংগীত পরিচালক এ আর রহমান। তবে গানটিতে সুর বিকৃত করার অভিযোগে সমালোচনা শুরু হয়। তবে কাজী নজরুলের নিজের সুরারোপিত ও সুপ্রতিষ্ঠিত এই গানে এ আর রহমান গানের কথা ঠিক রাখলেও সুরের পরিবর্তন করে বিকৃত করেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত বছরের ১৯ নভেম্বর তথ্য ও সম্প্রচার সচিব, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানের উদ্দেশ্যে আইনি নোটিস পাঠিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এ আর রহমানের সুরে গাওয়া এ গান অপসারণের দাবি জানানো হয়।
