পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রার্থী ব্যারিস্টার আবদুল্লাহ মুমতাজ কাহলুন ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে থেকে "নিখোঁজ" হওয়ার ঘটনায় দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবদের তলব করেছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।
বিচারপতি ফারুক সরকারি সংস্থাগুলোকে নিখোঁজ পিটিআই প্রার্থী ব্যারিস্টার আবদুল্লাহ মুমতাজ কাহলুনকে হাজির করার নির্দেশ দেন। সরকারের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুনাওয়ার ইকবাল দুগ্গল।
ব্যারিস্টার আবদুল্লাহ বিদেশ থেকে ইসলামাবাদে আসার পরপরই তাকে বিমানবন্দরের বাইরে থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানায় পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন।
ব্যারিস্টার আবদুল্লাহ মুমতাজ কাহলুনকে পিপি-৭৬ সারগোধা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং তিনি পিটিআইয়ের সম্ভাব্য প্রার্থীদের একজন হিসেবে বিবেচিত হয়েছিলেন।
পাকিস্তানে আসার আগে সারগোধায় কাহ্লুনের বিরুদ্ধে নথিভুক্ত একটি মামলায় ইতিমধ্যে সুরক্ষামূলক জামিন পেয়েছিলেন তিনি। তার আইনজীবী জানিয়েছিলেন যে কাহলুন আত্মসমর্পণ করতে চেয়েছিলেন এবং আদালত তার সম্ভাব্য গ্রেপ্তারের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করেছে।
তবে বিমানবন্দরে নামার পর তাকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। বিচারপতি ফারুক কর্তৃপক্ষকে সিসিটিভি ফুটেজের সাহায্যে "অপহরণকারীদের" খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে মঙ্গলবার রাতে, কাহলুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে, যেখানে তিনি বলছিলেন যে তিনি এক বন্ধুর সাথে ছিলেন। ভিডিওতে তিনি ৯ মে সহিংসতার নিন্দা করেন এবং পিটিআই থেকে নিজেকে বিচ্ছিন্ন দাবি করেন।
ভিডিও বার্তায় তিনি অসুস্থতার কারণে আদালতে হাজির না হওয়ার জন্য ক্ষমা চেয়েছেন।
