দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। এরপরই নতুন মন্ত্রিদের দপ্তর বণ্টন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক সামন্ত লাল সেনকে স্বাস্থ্যের মাঝি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এবার মন্ত্রিপরিষদের চমক হিসেবে এসেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি সংসদ সদস্য নন। ফলে তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মন্ত্রী হিসেবে ডা. সামন্ত লাল সেনের নাম ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি যে সামন্ত ছিলাম, সেই সামন্তই থাকতে চাই। মন্ত্রীত্ব আমাকে পাল্টাতে পারবে না।
বর্ণাঢ্য জীবন
ডা. সামন্ত ১৯৪৯ সালের ২৪ নভেম্বর তৎকালীন পূর্ববঙ্গের সিলেটের হবিগঞ্জের নাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জিতেন্দ্র লাল সেন।
ডা. সামন্ত স্বতন্ত্র বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ১৯৮০ সাল থেকে। এই ইনস্টিটিউট কেন করা প্রয়োজন, সেটা বোঝাতে গিয়ে তাচ্ছিল্য, উপেক্ষা আর অপমান সইতে হয়েছিল। এমন কথাও শুনতে হয়েছিল, ‘ধান্দায় নেমেছে। টাকা নিয়ে কলকাতার লেক সার্কাসে বাড়ি বানাবে।’ ৫০০ শয্যার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পোড়া রোগীর চিকিৎসায় শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান।
চিকিৎসা সেবার এই লড়াকু স্বপ্নবাজ এদেশের আগুনে পোড়া মানুষের কাছে ভগবানের মতো। আগুনে পোড়া রোগীদের নিয়ে কাজ করে তিনি বিশ্বে স্বীকৃতি পেয়েছেন। ২০১৪ সালে যখন দেশে জ্বালাও পোড়াও আন্দোলন চলছিল তখন রাতদিন এক করে কাজ করেছিলেন ডা. সামন্ত।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত সামন্ত লাল। তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি আওয়ামী লীগের মন্ত্রিসভায় এবার জায়গা পেলেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিনের মাথায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে।
২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা সাজিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী। ইতোমধ্যে শপথের জন্য সবাইকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সংবাদ সম্মেলন করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।