দুর্নীতি অবহেলা আর স্বজনতোষণ নদভীর নৌকার হারের ৩ কারণ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০২:৪৯ এএম

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নৌকার টিকিট পেয়েও বিপুল ভোটের ব্যবধানে হেরে গেছেন দুইবারের সংসদ সদস্য ড. আবু রেজা নিজাম উদ্দিন নদভী। তিনি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এম মোতালেবের কাছে ভোট যুদ্ধে হেরেছেন।

নেতাকর্মীদের মতে, নৌকার প্রার্থী নদভীর হেরে যাওয়ার নেপথ্যে ছিল মূলত তিন কারণ। তা হলো দলের প্রতি অবহেলা, স্বজনপ্রীতি ও তার অনুসারীদের মাধ্যমে সংঘটিত নানা দুর্নীতি।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, ২০১৪ সাল থেকে তিনি সংসদ সদস্য হওয়ার পর থেকে উপজেলা জেলা আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। কতিপয় সুবিধাবাদী নেতা-কর্মী নিয়ে কার্যক্রম পরিচালনা করতেন। তার আমলে সরকারি টিআর, কাবিখা, সৌরবিদ্যুৎ ও গভীর নলকূপ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। এলাকায় বিভিন্নভাবে তার অনুসারীরা চাঁদাবাজি করেছে। এ কারণে সাধারণ ভোটার নদভীর ওপর একেবারে নাখোশ।

স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও আওয়ামী লীগ নেতা ডা. আ ম ম মিনহাজ উদ্দিন জানান, নদভী এবং তার আত্মীয়স্বজন, নদভীর একান্ত সহকারী (পিএস) মিলে বিগত দশ বছর নানা অপকর্ম করেছেন। সাতকানিয়া-লোহাগাড়ায় বালুর অবৈধ ব্যবসা, মাটির সিন্ডিকেট, বিভিন্ন বণিক সমিতির চাঁদা, অবৈধ দখল বাণিজ্য, সিএনজি, বাসস্টেশনসহ প্রতিটি সেক্টরে তার অনুসারীরা চাঁদাবাজি করেছে। ফলে ক্ষতির স্বীকার ভুক্তভোগীরা নদভীর কারণে সুবিচার পাননি।

এবারের নির্বাচনে নদভীর অনুসারী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, নদভীর পরাজয়ের মূল কারণ দলের সঙ্গে দূরত্ব। তার কিছু অনুসারী সাতকানিয়া-লোহাগাড়ায় নানা অপকর্ম করেছে, যা তিনি হয়তো সঠিকভাবে দেখেননি। পাশাপাশি নদভীর আচার-আচরণে ছিল প্রচন্ড দাম্ভিকতা।

তবে নদভীর স্ত্রী ও তার প্রধান নির্বাচন সমন্বয়ক রিজিয়া রেজা চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ আইডিতে মন্তব্যে জানান, নদভী ১০ বছর নৌকাকে সাধারণ মানুষের প্রতীকে পরিণত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ভোটকেন্দ্রে অবৈধ অস্ত্র, কালোটাকা এবং সন্ত্রাসের কারণেই মূলত নৌকার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত