দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে টানা চতুর্থ বারের মতো দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হওয়ায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে উত্তরা তিন নম্বর সেক্টর হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের নিজ বাসায় সৌজন্য সাক্ষাৎ শেষে ফুল দিয়ে তাকে বরণ ও শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের প্রতিনিধি দল।
এসময় আ.ক.ম বাহাউদ্দিন বাহার রূপায়ণ গ্রুপের সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ চেতনা ও বঙ্গবন্ধু যে রাষ্ট্র দেখতে চেয়েছিলেন এই নির্বাচনের মধ্য দিয়ে তারই প্রতিফলন হয়েছে। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন— ২০৪১ সালে বাংলাদেশ হবে জ্ঞান নির্ভর, ধনী ও স্মার্ট বাংলাদেশ।
তিনি আরও বলেন, ২০০৮ সালে যেমন ২০২১ এর নির্মাণের জন্য নির্বাচন করেছিলাম। আমার বিশ্বাস জাতীয় আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে রায় দিয়ে এটাই প্রমাণ করেছে যে, ২০৪১ সাল নির্মাণের পদক্ষেপে এ জাতি শেখ হাসিনার পক্ষে আছে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে আ.ক.ম বাহাউদ্দিন বাহার বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধ। ২০০৮ সাল থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য হয়েছেন।
