কোচ দরিভাল বললেন

নেইমারকে ছাড়াই খেলার অভ্যাস করতে হবে ব্রাজিলের

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে নানা বিষয় নিয়ে কথা বলেছেন নতুন কোচ দরিভাল। এ সময় উঠে আসে নেইমার প্রসঙ্গ। দরিভাল জানান, নেইমারকে ছাড়াই খেলার অভ্যাস করতে হবে ব্রাজিল দলের।

সান্তোসে থাকাকালে নেইমারের সঙ্গে দরিভালের তৈরি হয়েছিল তিক্ত সম্পর্ক। যার ফলে চাকরিও হারিয়েছিলেন দরিভাল। নেইমার প্রসঙ্গ উঠতে প্রশংসা করে দরিভাল বলেন, 'তার সঙ্গে আমার কখনো কোনো সমস্যা ছিল না, বরং এর উল্টোটাই বলতে হবে। যখনই দেখা হয়, তখনই খুব ইতিবাচক কথা হয় আমাদের। যতদিন পর্যন্ত সুস্থ ও মনোযোগী থাকবে সে, ততদিন তাকে দলে চাই।'

এসিএল ইনজুরি নিয়ে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার। চলতি বছরের জুনে হওয়া কোপা আমেরিকাতে তিনি খেলতে পরবেন না বলে জানিয়েছেন, ব্রাজিল দলের চিকিৎসক। তাই দরিভাল বলছেন, 'নেইমারকে ছাড়াই খেলার অভ্যাস করতে হবে ব্রাজিলকে, যেহেতু সে এখন চোটে আছে। তবে এটা ঠিক, বিশ্বের অন্যতম সেরা তিন খেলোয়াড়ের একজন আমাদের। তার কাছ থেকে সেরাটাও নিতে হবে।'

ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়নি ৬১ বছরের দরিভালের সঙ্গে চুক্তিটা কত বছরের। তবে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও'গ্লোবো জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দরিভালের সঙ্গে চুক্তি করেছে সিবিএফ। দরিভালের প্রথম কাজ হবে নিজের কোচিং স্টাফ গঠন করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত