বলেছেন জাকা আশরাফ

রোহিত-বাবরদের দ্বিপাক্ষিক সিরিজ সময়ের অপেক্ষা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম

প্রায় এক যুগ ধরে বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। দুই দলের মুখোমুখি হওয়ার উপলক্ষ্য কেবল আইসিসি ও এসিসির সূচিতেই আটকে আছে। রাজনৈতিক কারণে পাকিস্তান সফরে করেনি ভারত। আর পাকিস্তানও নিজের জায়গায় পুরোপুরি অনড়। ভারত না এলে, তারাও যেতে নারাজ। 

তবে এই বহুল প্রতীক্ষিত সিরিজ এখন নাকি কেবল সময়ের অপেক্ষা। দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডও রাজি। এমন দাবি স্বয়ং পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের। পিসিবি কর্তার ভাষ্য, শুধু একটি সমস্যার জন্য আটকে রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন।

জাকা আশরাফ বলছেন, ‘ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে রাজি দু’দেশের ক্রিকেট বোর্ডই। অপেক্ষা শুধু দু’দেশের সরকারের অনুমতির।’

সেই অনুমতি কবে পাওয়া যাবে, তা নিয়ে অবশ্য কিছু বলতে পারেননি পাক ক্রিকেটের শীর্ষকর্তা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন আশরাফ। পিসিবি প্রধানের এই মন্তব্যের প্রক্ষিতে কোনও প্রতিক্রিয়া জানায়নি বিসিসিআই।

মূলত গত এক দশকের বেশি সময় ধরে রাজনৈতিক কারণে বন্ধ ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ। সন্ত্রাসবাদের প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্থগিত রেখেছে ভারত। 

গত এশিয়া কাপের সময়ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুর বলেছিলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে দ্বিপাক্ষিক সিরিজ হবে না। এ ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত