২৮৫ প্রতিবন্ধী ব্যক্তির প্রাথমিকে নিয়োগে রিটের রায় আজ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০২:০৩ এএম

২৮৫ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগের বিষয়ে করা রিট মামলার রায় আজ ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রবিবারের কার্যতালিকায় রায় ঘোষণার জন্য মামলাটি ৩ নম্বরে রাখা হয়েছে।

রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া কয়েক দিন আগে দেশ রূপান্তরকে এ কথা জানান। এ আইনজীবী বলেন, বিনা পয়সায় প্রতিবন্ধীদের পক্ষে মামলাটি পরিচালনা করছেন তিনি।

২৮৫ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগে জারি করা রুলের ওপর গত ১১ ডিসেম্বর  চূড়ান্ত শুনানি শেষ হয়। ওইদিন রায় ঘোষণার জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়। রিটে প্রতিবন্ধী কোটা থেকে নিয়োগ না দেওয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়। সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়। মাহাবুব শেখ, আবু জাহিদ, ফাহিম মোহাম্মদ জাহাঙ্গীর, পার্থ প্রতীম, শাজাহান শেখ, মনোয়ার হোসেন, আজিজুল ইসলাম, বৃষ্টি রানী রায়, সাজ্জাদ হোসেন সাজু ও নূর আলমসহ বিভিন্ন জেলার ২৪৫ প্রতিবন্ধী প্রার্থী হাইকোর্টে রিট করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত