গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসায় হামলা, বাইরে বাস ভাঙচুর ও পুলিশের ওপর চড়াও হওয়ার ঘটনায় মামলায় বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুকে আগামী ১৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী ব্যতীত আব্দুল আউয়াল মিন্টুই প্রথম ব্যক্তি যাকে এই মামলায় হাইকোর্ট আগাম জামিন দিলেন।
আদালতে আজ মিন্টুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। ওইদিন বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনসহ আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুর চালায়। বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ। মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুও আসামি।
