নিবন্ধনবিহীন মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ পলকের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:২৫ পিএম

নিবন্ধনবিহীন সব মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালের (১৫ জানুয়ারি) ক্যাবিনেট সভায় আমাদের সরকারের অপচয় রোধ করে রাজস্ব আহরণ বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। এই পাঁচ বছরে আমরা কিছু নির্দিষ্ট লক্ষ্য নিয়ে স্মার্ট বাংলাদেশের ভিত্তি রচনা করতে চাই। যেখানে আমরা টেলিকম এবং আইসিটি খাত থেকে রপ্তানি আয়, কর্মসংস্থান, রাজস্ব আয় এবং বিনিয়োগ বাড়াতে চাই।

এই চারটি লক্ষ্য পূরণ করতে হলে সবাইকে অনেকগুলো ছোট ছোট চাওয়া পূরণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই ৪টি লক্ষ্য পূরণ করতে বিটিআরসির আলাদা একটা মোবাইল ফোন রেজিস্ট্রেশন সিস্টেম বা আইএমইআই সিস্টেম থাকা প্রয়োজন। এর ফলে মোবাইল ফোনের মাধ্যমে সংঘটিত অপরাধকেও সহজে চিহ্নিত করে আইনের আওতায় আনা যাবে।

তিনি বলেন, যদি কোনো গোষ্ঠী, স্বার্থান্বেষী মহল এই কাজে বাধা দিতে চায়, তাহলে তাদের নাম-ঠিকানা-পদবি আমাকে দেবেন, আমি প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।

তিনি আরো বলেন, পরিচয় ভেরিফিকেশন অথেনটিকেশন সার্ভিসের মাধ্যমে সেবা দেওয়ার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ সেবাকে আরও সহজলভ্য করতে প্রতিটি ডাটাবেজকে একটির সঙ্গে আরেকটির ইন্টারঅপারেবল করা দরকার।

আগামী পাঁচ বছরে নির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে স্মার্ট বাংলাদেশের ভিত্তি তৈরিতে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয় ও বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাও দেন পলক।

এ সময় বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, বিটিআরসি টেলিযোগাযোগ সেবার মানোন্নয়ন, রাজস্ব আয় বৃদ্ধি, এবং আইনের মধ্য থেকে টেলিযোগাযোগ খাতের অগ্রগতিতে ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়ে সাশ্রয়ী ও মানসম্পন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানে বিটিআরসি কার্যক্রম গ্রহণ করবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) এর মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, বিটিআরসির প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল এস এম রেজাউর রহমান ও সচিব (বিটিআরসি) মো. নূরুল হাফিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত