হ্যান্ডব্যাগ চুরি করে এমপি বললেন ‘আমি দুঃখিত’

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১০:০২ পিএম

সংসদ সদস্য (এমপি) হয়েও চুরি করতেন তিনি! হ্যাঁ, সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে। একাধিক চুরির অভিযোগ পদত্যাগ করেছেন গ্রিন পার্টির গোলরিজ ঘাহরামান (৪২) নামের ওই নারী এমপি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, গোলরিজের বিরুদ্ধে পোশাকের দুটি দোকান থেকে তিনবার চুরির অভিযোগ আনা হয়েছে। এর একটি ঘটেছে অকল্যান্ডে, অপরটি ওয়েলিংটনে। অকল্যান্ডের একটি বুটিক দোকান থেকে হ্যান্ডব্যাগ সরিয়ে ফেলার সিসিটিভি ফুটেজ সামনে এলে গোলরিজ পদত্যাগ করেন।  

গোলরিজ জাতিসংঘের সাবেক মানবাধিকার আইনজীবী। ২০১৭ সালে প্রথম শরণার্থী সদস্য হিসাবে নিউজিল্যান্ডে ইতিহাস তৈরি করেন তিনি। কাজ-সম্পর্কিত চাপ তার আচরণ পাল্টে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অনেক মানুষকে হতাশ করেছি। আমি খুবই দুঃখিত।’

শৈশবে পরিবারের সঙ্গে ইরান থেকে পালিয়ে নিউজিল্যান্ডে আসেন গোলরিজ। তাদের পরিবারের সদস্যরা নিউজিল্যান্ডে রাজনৈতিক আশ্রয় পায়।

এক বিবৃতিতে তিনি জানান, নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে জনগণের যে প্রত্যাশা, সেই তুলনায় তার কর্মকাণ্ড যথার্থ ছিল না। তার মতে, এটি এমন কোনো আচরণ নয়, যা ব্যাখ্যা করা যায়। গোলরিজ বলেন, তার মানসিক স্বাস্থ্য ভালো নেই। ফলে তার আচরণ সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এদিকে তার পদত্যাগের প্রতিক্রিয়ায় গ্রিন পার্টির নেতা জেমস শ বলেন, গোলরিজ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার দিন থেকেই অব্যাহত যৌন সহিংসতা, শারীরিক সহিংসতা, মৃত্যুর হুমকির সম্মুখীন ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত