ধোনির বিরুদ্ধে মানহানির মামলা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ পিএম

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। দিল্লি হাইকোর্টে এই মামলা করেন মিহির দিবাকর ও সৌম্য দাস নামের তার সাবেক দুই ব্যবসায়িক অংশীদার। মামলায় ধোনি, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম এবং মিডিয়া হাউসের বিরুদ্ধে বাদীদের মানহানি ও তাদের নিয়ে মর্যাদাহানিকর বক্তব্য বন্ধে স্থায়ী আদেশ চাওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার ধোনির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন শুনানির দিন ধার্য আছে।

এর আগে রাঁচির নিম্ন আদালতে মিহির ও সৌম্যর বিরুদ্ধে প্রতারণার মামলা করেন ধোনি। মামলায় ভারতের সাবেক অধিনায়ক অভিযোগ করেন, বিবাদীরা ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার চুক্তি লঙ্ঘন করে প্রায় ১৬ কোটি রুপি ক্ষতি করেছেন। মিহির ও সৌম্য, যারা সম্পর্কে স্বামী-স্ত্রী, ‘আরকা স্পোর্টস’ নামের একটি ক্রীড়া ব্যবস্থাপনা কোম্পানির পরিচালক। 

ধোনির দাবি অনুসারে, ২০১৭ সালে ক্রিকেট একাডেমি চালুর বিষয়ে আরকা স্পোর্টস ও ধোনির মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, আরকা স্পোর্টস একটি ফ্র্যাঞ্চাইজ ফি ও মুনাফা ভাগাভাগি করতে বাধ্য। কিন্তু বারবার তাগাদা দেওয়া হলেও প্রতিষ্ঠানটি ও অভিযুক্তরা চুক্তির প্রতি সম্মান দেখাননি।

ওই সময় ধোনির বন্ধু সীমান্ত লোহানি দিবাকরের বিরুদ্ধে তাকে হুমকি দেয়ার অভিযোগও দায়ের করেন।

এখন পাল্টাপাল্টি মামলায় পরিস্থিতি কোন দিকে গড়ায়, তার একটি আভাস পাওয়া যাবে আগামীকাল। ধোনির বিরুদ্ধে করা মানহানির মামলার আবেদনের শুনানি হবে বিচারপতি প্রতিভা এম সিংয়ের আদালতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত