১৪ কোটির অল-রাউন্ডারকে টাকা জমানোর পাঠ দিলেন ধোনি

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১১:০৯ এএম

এবারের আইপিএলের নিলামে ১৪ কোটি ২০ লক্ষ রুপির বিশাল মূল্যে প্রশান্ত বীরকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের সাথে লড়াই করে এই তরুণকে দলে নেয় সিএসকে। তবে আকাশছোঁয়া দাম পেয়ে প্রশান্ত যখন ধোনির সাথে প্রথমবার দেখা করতে গেলেন, তখন কিংবদন্তি এই অধিনায়ক তাকে ক্রিকেটীয় কৌশলের বদলে দিলেন আর্থিক শৃঙ্খলার পাঠ।

চেন্নাইয়ে এক অনুষ্ঠানে প্রশান্ত বীর জানান, ধোনির সাথে তার প্রথম আলাপটি ছিল বেশ চমকপ্রদ। প্রশান্ত বলেন, "এখনও পর্যন্ত আমাদের ক্রিকেটের টেকনিক নিয়ে খুব বেশি কথা হয়নি। তিনি (ধোনি) আমাকে সবার আগে বলেছেন, এতগুলো টাকা যেন আমি অহেতুক খরচ না করি। তিনি আমাকে টাকা জমাতে এবং মিতব্যয়ী হতে পরামর্শ দিয়েছেন।"

মাঠের ভেতর যেমন ধোনি মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেন, মাঠের বাইরেও তরুণদের জীবন গুছিয়ে দিতে তিনি যে কতটা সচেতন, প্রশান্তের এই বক্তব্যে তা আবারও প্রমাণিত হলো। এদিকে আসন্ন মৌসুমে রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসের জার্সিতে নামবেন ভারতের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। দীর্ঘ সময় রাজস্থানে কাটানোর পর এবার ধোনির সতীর্থ হিসেবে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

সঞ্জু বলেন, "মাহি ভাইয়ের (ধোনি) সাথে ফোনে কথা হয়েছে, কিন্তু একই দলে থেকে তাঁর সাথে খেলাটা হবে দারুণ এক অভিজ্ঞতা। আমি একে তাঁর কাছ থেকে শেখার বড় সুযোগ হিসেবে দেখছি।" আগামী ৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষেই সিএসকে-র জার্সিতে নিজের প্রথম ম্যাচ খেলবেন সঞ্জু।

নিজের পুরনো দল রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলা নিয়ে সঞ্জু জানান, রাজস্থানের প্রতি ভালোবাসা থাকলেও মাঠে তিনি পেশাদারিত্বকেই প্রাধান্য দেবেন। তিনি বলেন, "আমি রাজস্থান রয়্যালস ছেড়েছি কারণ আমার মনে হয়েছে সেখানে আমার সময় শেষ হয়ে এসেছে। এখন বিপক্ষ দলে থাকলেও আমি আমার সেরা ক্রিকেটটাই খেলব।"

১৪ কোটির প্রশান্তের প্রতি ধোনির এই ‘ফিন্যান্সিয়াল অ্যাডভাইস’ এবং সঞ্জু স্যামসনের অন্তর্ভুক্তিতে এবারের আইপিএল মৌসুমে চেন্নাই সুপার কিংস যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, তা বলাই বাহুল্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত