‘ভারত বিপজ্জনক দল, আমি কুফা লাগাতে চাই না’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই সাফল্যের পথে নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর গত আসরে ভারত আবারও চ্যাম্পিয়ন হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিঃসন্দেহে সূর্যকুমার যাদবরাই হট ফেবারিট। বিশ্বকাপের প্রাক্কালে সূর্যকুমাদের নিয়েই মুখ খুললেন কিংবদন্তি অধিনায়ক ধোনি।

ভারতকে দুটি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতানো অধিনায়ক ধোনি এক অনুষ্ঠানে বলেছেন, ‘ভালো একটি দলে যা যা দরকার, সবকিছুই আছে এই দলে। তাদের অভিজ্ঞতা আছে, বিশেষ করে এই সংস্করণের কথা বললে, তাদের অভিজ্ঞতা অনেক। চাপের মধ্যে অনেক খেলেছে তারা। দলে যারা খেলছে এবং যে ভূমিকা তারা পালন করছে দলে, উল্লেখযোগ্য সময় ধরেই সেই পরিস্থিতিতে আছে তারা।’

এতসব ইতিবাচক বিষয়ের মাঝেও একটি শঙ্কার জায়গা দেখছেন ধোনি, ‘আমাকে যা দুর্ভাবনায় ফেলছে, আমি শিশির স্রেফ ঘৃণা করি। শিশিরের কারণে অনেক কিছুই বদলে যায়। এমনকি আমি যখন খেলতাম, শিশির অনেক ভয় পেতাম, যেখানে টস অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠত ও নানা কিছু হতো। সেরা দলগুলির বিপক্ষে যদি ১০টি ম্যাচ খেলি আমরা, বেশির ভাগ সময়ই আমরা জিতব, যদি কন্ডিশন ও এসব ব্যাপার সবার জন্য সমান থাকে।’

সবকিছু মিলিয়েই ভারতকে এবারের বিশ্বকাপের ফেবারিট বলে ঘোষণা করেছেন ‘ক্যাপ্টেন কুল’, ‘সমস্যা হয় তখনই, যখন আমাদের ক্রিকেটাদের দিনটা বাজে যায় এবং প্রতিপক্ষের কারও অসাধারণ দিন চলে আসে। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটি হতে পারে। সেটা লিগ পর্যায়ে হতে পারে, নকআউট পর্বেও। তখনই সব ধরনের প্রার্থনা প্রয়োজন। কেউ যাতে চোট-টোটে না পড়ে। দলে সবাই যেন নিজ নিজ ভূমিকা পালন করতে পারে। সেটি যদি হয়, আমি আর কুফা লাগাতে চাই না। তবে এটি (ভারত) সবচেয়ে বিপজ্জনক দলগুলির একটি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত