মাশরাফীর কাঁধেই সিলেটের ভার, সহযোগী মিঠুন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:২৯ পিএম

বিপিএলের গত আসরে আবির্ভাবেই তাক লাগিয়ে দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। নেতৃত্বে ছিলেন বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এবারও তার কাঁধেই ভরসা রাখছে সিলেট। অধিনায়ক হিসেবে আজ তার নামই ঘোষণা করেছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি।

অভিষেক আসরে মাশরাফী সহ-অধিনায়ক হিসেবে পেয়েছিলেন মুশফিকুর রহিমকে। এবার মুশফিক পাড়ি দিয়েছেন বরিশালে। স্ট্রাইকার্সের নতুন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

যদিও দলটিতে খেলছেন বাংলাদেশ জাতীয় দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক ক্রিকেটের নেতৃত্বের শুরুতেই দারুণ ছাপ রেখেছিলেন তিনি। টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টিতে শুরুতেই পেয়ে গেছেন জয়ের দেখা। অনেকেই ভেবেছিলেন মাশরাফীর ডেপুটি হিসেবে শান্তকে এবার দেখা যেতে পারে। তাছাড়া দলটিতে খেলছেন জাতীয় লিগে সিলেট বিভাগীয় দলের অধিনায়ক জাকির হাসান।

কিন্তু তাদেরকে রেখে মোহাম্মদ মিঠুনেই আস্থা রাখছে সিলেট স্ট্রাইকার্স। বাকিদের কাজ শুধুই ব্যাট হাতে ছন্দ রাখা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত