পাটুরিয়ায় ফেরি ডুবি

সবাইকে সতর্ক করে, নিখোঁজ হলেন সহকারী ইঞ্জিন চালক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৮ পিএম

ফেরিতে থাকা সকল যাত্রী ও স্টাফদের সতর্ক করে নিজেই নিখোঁজ হলেন সহকারী ইঞ্জিন চালক হুমায়ন। যখন ফেরিতে পানি উঠছিল তখন তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, ফেরিতে পানি উঠছে, কিছুক্ষণের মধ্যেই ফেরি ডুবে যাবে। তোমরা যার যার মতো তীরে যাও। 

ডুবে যাওয়া ফেরিতে থাকা ২০ যাত্রী বিভিন্নভাবে তীরে উঠতে সক্ষম হলেও সহকারী ইঞ্জিন চালক হুমায়ন কবির রাত ৮ পর্যন্ত  নিখোঁজ রয়েছেন।

রজনীগনন্ধা ফেরির নিখোঁজ সহকারী ইঞ্জিন চালক হুমায়ন কবির, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের আব্দুল লতিফের পুত্র। 

হুমায়নের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, ফেরির স্টাফরা তাকে জানান, ঘটনার সাথে সাথে স্যার সবাইকে ফেরি থেকে নেমে যেতে বলেন। সবাই জীবিত উদ্বার হল। অথচ আমার ভাই সবাইকে সতর্ক করে, নিজেই নিখোঁজ হলেন। 

রফিকুল ইসলাম আরও বলেন, আমার ভাই ২০১১ সালে এই কাজে যোগদান করেন। তার এক ছেলে ও দুই কন্যা রয়েছে। আমার ভাই প্রায় ১২ ঘণ্টা যাবত নিখোজে রয়েছে। রাত ৮টা বাজলেও আমার ভাইয়ের কোনো খবর নাই। ফেরিটি ছিদ্র হয়ে ডুবে গেছে, ফেরিটি বর্তমানে উল্টে রয়েছে। উদ্বারকারী জাহাজ পিকাপ ভ্যান তোলার চেষ্টা করছে। কিন্তু আমার নিখোঁজ ভাইকে কীভাবে কোন প্রতিষ্ঠান খুঁজতেছেন, আমি বুঝতে পারছি না। 

এদিকে হুমায়ন করিবের নিখোঁজের খবর শুনে, ভেঙ্গে পড়েছে স্বজনরা।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাত ৮টা পর্যন্ত নিখোঁজ ফেরির সহকারী চালক হুমায়নকে উদ্বার করা যায়নি। তবে আমাদের উদ্বার কাজ চলছে। আর রাত ৮টা পর্যন্ত দুটি পিকাপ উদ্বার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া প্রান্তের ৫ নম্বর ঘাটে রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে যায়। এ সময় ফেরিতে ছোট সাতটি ও বড় দুটি ট্রাক ছিল। এর মধ্যে বিকাল সাড়ে ৪ টার দিকে একটি, রাত ৮ টার দিকে পিকাপ উদ্বার করে উদ্বারকারী জাহাজ হামজা। এ নিয়ে দুটি পিকাপ উদ্বার হল। দুর্ঘটনা স্থলের উদ্যশ্যে রুস্তম রওনা দিলেও এখনও পৌঁছাতে পারেনি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত