সেঞ্চুরিয়ান রোহিতের অবসর নাটক, দুই সুপার ওভারে ভারতের জয়

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০১:০৩ এএম

ব্যাটিং বিপর্যয়ে পড়া ভারতকে হাল ধরে টেনে তোলা। ঝড়ো এক সেঞ্চুরিতে অধিনায়কোচিত ইনিংস খেলা। তারপর সুপার ওভারে নেমে রোহিত শর্মার 'অবসর', ম্যাচ ডাবল সুপার ওভারে গড়ানো। বহু নাটকীয়তায় ভরা ম্যাচটা শেষপর্যন্ত ভারত জিতে নিয়েছে আফগানিস্তানের বিপক্ষে। 

৪২৪ রানের ম্যাচ টাই, এরপর সুপার ওভারেও দুই দলই তুলল ১৭ রান করে। বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচটি নাটকীয় থেকে হয়ে উঠল মহানাটকীয়। 

দুই দলকে আলাদা করতে প্রয়োজন পড়ল দ্বিতীয় সুপার ওভার। ভারত সেখানে তোলে ১১ রান, আফগানিস্তান আটকে যায় ১ রানেই। দ্বিতীয় সুপার ওভার জিতে ভারত ধবলধোলাই-ই করল আফগানিস্তানকে।

এ নিয়ে নয়বার তিন বা এর বেশি ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করল ভারত, তারা ছাড়িয়ে গেল পাকিস্তানকে।

প্রথম সুপার ওভারে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে গুলবদিনকে পাঠায় আফগানিস্তান। লং অনে ম্যাচে দারুণ ফিল্ডিং করা বিরাট কোহলির কাছ থেকে ডাবলস নিতে গিয়ে প্রথম বলেই রানআউট হয়ে যান নাইব। মুকেশ কুমার ফুল লেংথে করে যাচ্ছিলেন, তবে চতুর্থ বলে গুরবাজ চারের পর পঞ্চম বলে নবি মারেন ছক্কা। শেষ বলে গিয়ে তৈরি হয় বিতর্ক। উইকেটকিপার সঞ্জু স্যামসনের করা থ্রো নবির পায়ে লেগে যায় লং অনে, এরপরও নবি ও গুরবাজ সেই ওভার থ্রো থেকে নেন আরও ২ রান। নবি অবশ্য রান নিতে গিয়ে গতিপথ বদলাননি, ফলে আইন অনুযায়ী রান নিতে বাধা ছিল না আফগানদের। ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৭ রান।

প্রথম বলে রানআউট হতে পারতেন যশস্বী জয়সোয়ালও, তবে তিন স্টাম্প পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি গুরবাজ। প্রথম ২ বলে ওমরজাই দেন মাত্র ২ রান, কিন্তু তৃতীয় বলে ছক্কা পান রোহিত। সেটি অবশ্য বাউন্ডারি পার হয় অল্পর জন্য। কিন্তু পরের ছক্কায় ফুটে ওঠে রোহিতের ক্লাস, লো ফুল টসে এক্সট্রা কাভারের ওপর দিয়ে তুলে মারেন তিনি। পরের বলে রোহিত নিতে পারেন সিঙ্গেল, ফলে শেষ বলে দরকার ছিল ২ রান। কিন্তু রিটায়ার্ড আউট হয়ে উঠে যান রোহিত, যেন রিংকু সিং এসে দৌড়াতে পারেন। কিন্তু শেষ বলে ১ রানের বেশি আসেনি।

দ্বিতীয় সুপার ওভারে রিংকুকে নিয়ে নামেন রোহিত, যদিও আইসিসির প্লেয়িং কন্ডিশন বলে আগের সুপার ওভারে কোনো ব্যাটসম্যান আউট হলে পরের সুপার ওভারে তিনি নামতে পারবেন না (বোলারও একাধিক ওভার করতে পারবেন না)। সেই রোহিত ফরিদ আহমেদের প্রথম ৩ বলে তোলেন ১১ রান। রিংকু চতুর্থ বলে হন কট বিহাইন্ড, পরের বলে রোহিত রানআউট হলে ভারতকে থামতে হয় ১১ রানেই। ভারত এ সুপার ওভার করতে পাঠায় রবি বিষ্ণয়কে, প্রথম বলেই ক্যাচ তোলেন নবি। তৃতীয় বলে ক্যাচ তোলেন গুরবাজও। ১২ রানের লক্ষ্য আফগানিস্তান আটকে যায় ১ রানেই!  

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় লক্ষ্য তাড়ায় নেমে দারুণ জবাব দিতে থাকে আফগানিস্তান। উদ্বোধনী জুটি থেকেই আসে ৯৩ রান। রহমানউল্লাহ গুরবাজের পর অধিনায়ক ইব্রাহিম জাদরানও বিদায় নেন ব্যক্তিগত ৫০ রানে। চারে নামা আজমতউল্লাহ ওমরজাই ফেরেন তার প্রথম বলেই। ১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আফগানরা। কিন্তু মোহাম্মদ নবি ও গুলবাদিন নায়েবের ব্যাটে তা মুহূর্তেই দূর হয়ে যায়। নবি ১৬ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলে বিদায় নিলেও গুলবাদিন লড়ে যান শেষ পর্যন্ত।

শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার ছিল আফগানদের। মুকেশ শর্মার সেই ওভারের প্রত্যেক বল মোকাবেলা করে কেবল ১৮ রান এনে দিতে পারেন গুলবাদিন। ২৩ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৫৩ রানের ঝোড়ো ইনিংসে দলকে নিয়ে যান সুপার ওভারে। কিন্তু শেষ পর্যন্ত বিফলেই গেল তার লড়াই।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামার পর মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। কিন্তু সেখান থেকে আর পেছন ফেরে তাকাতে হয়নি। রিংকুকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৯০ রানের রেকর্ড জুটি গড়েন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা এই উইকেটে সর্বোচ্চ। এর মধ্যে করিম জানাতের করা শেষ ওভারেই তোলেন ৩৬ রান।

ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে রোহিত নিজেও গড়েন আরেক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কোনো ব্যাটারের। ৬৯ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১২১ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ওপেনার। অপর প্রান্তে ৩৯ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন রিংকু। সুপার ওভারে তার হাত ধরেই ইতি ঘটল অবিশ্বাস্য এই ম্যাচের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত