রাসেল হত্যায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ১১

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০১:২১ এএম

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা তেলঘাট এলাকায় গত ১০ জানুয়ারি স্বেচ্ছাসেবক লীগ নেতা রাব্বীসহ তার সহযোগীরা রাসেল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি আফতাব উদ্দিন রাব্বিসহ তার ১১ সহযোগীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় গতকাল বুধবার ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, গত ১০ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেলঘাটে পারভিন কমিউনিটি সেন্টারের একটি অফিস কক্ষে রাব্বী এবং তার সহযোগীরা রাসেল নামে এক যুবকে অমানবিক নির্যাতন করেন, পরে রাসেল মারা যান। পরে আমরা সরাসরি অভিযোগ না পাওয়ার পরেও আমরা তাৎক্ষণিক রাসেলের বাড়িতে উপস্থিত হয়ে তার লাশ নিয়ে আসি, এবং রাসেলের বাবা বাদী হয়ে একটি মামলা করেন। অপরাধীরা ঘটনার পরেই দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এবং দেশ পাড়ি দিয়ে অন্য দেশে চলে যাওয়ার প্ল্যান করছিল। আমরা দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে মূলহোতা রাব্বীসহ ১১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাঁশবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মূলহোতা আফতাব উদ্দিন রাব্বী, সজীব, রাজীব, হীরা, ও ফিরোজকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভোলার লালমোহনে অভিযান পরিচালনা করে ঠা-ু, আমির, রনি, দেলোয়ার, শিপন ও মাহফুজকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি চাঁদার টাকা ভাগাভাগি নিয়েই এ হত্যাকান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত