ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত কারাবন্দি আবু বক্কর ছিদ্দিককে চাকরিচ্যুত করা হয়েছে। গত সোমবার উপজেলার চরশাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, চরশাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গত ৫ জানুয়ারি ভোরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে অজ্ঞাত দুর্র্বৃত্তরা। ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে বিদ্যালয়ের পিয়ন আবু বক্করকে আটক করে। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের নামে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। পরদিন ফেনীর আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়ের উল্যাহ বলেন, আবু বক্করের স্বীকারোক্তি অনুযায়ী প্রতিষ্ঠানবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় তাকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী চাকরিচ্যুত করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বলেন, বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের অডিটসংক্রান্ত কাগজপত্র ও হাইকোর্টের আদেশের কপি ধ্বংস করতে এ আগুন লাগানো হয়েছে বলে আবু বক্কর পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
