প্রধানমন্ত্রী হ‌ওয়ায় শেখ হাসিনাকে ইইউর অভিনন্দন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০২:৫৯ পিএম

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করে এই অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. নূরে এলাহী মিনা এই বৈঠক সম্পর্কে জানান, ইইউ রাষ্ট্রদূত জানিয়েছেন, ‘গ্লোবাল গেটওয়ে সুবিধার আওতায় পরিবেশ, সুশাসন, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবহনসহ বিভিন্ন খাতে বাংলাদেশ বর্তমানে যে বিদ্যমান সুবিধা পাচ্ছে তা আগামী দিনে আরও বাড়ানো হবে। এ লক্ষ্যে সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেট‌ওয়ে ফোরাম সম্মেলনে ইইউ বাংলাদেশকে ৪০৭ মিলিয়ন ইউরো দিয়েছে।’

ইইউ রাষ্ট্রদূত ইবিএ (অস্ত্র ছাড়া সবকিছু) সুবিধার আওতায় বাংলাদেশকে দেওয়া সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।

ইইউ রাষ্ট্রদূত প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে শেখ হাসিনা সরকারের গৃহীত উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও  ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ৫০ বছরের সুসর্ম্পকের সম্পর্কের বিষয়ে তার সন্তুষ্টি প্রকাশ করেছেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।

প্রধানমন্ত্রী ইবিএর অধীনে অব্যাহত সমর্থনের জন্য ইইউকে ধন্যবাদ জানান এবং গ্লোবাল গেটওয়ে কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে অনেক সহযোগিতা কামনা করেন।

এ সময় রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত