যাবজ্জীবন সাজা শেষে উপহার পেলেন লেবু মিয়া

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম

৫১ বছর বয়সী লেবু মিয়া। একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজা ভোগ শেষে গত ৪ জানুয়ারি জেল থেকে মুক্তি পান তিনি। তবে জেল থেকে বের হয়ে ছিলো না কেনো উপার্জনের পথ। জেলা সমাজসেবা অধিদপ্তরের আবেদনের পর উপার্জনের জন্য লেবু মিয়া পেলেন একটি চার্জার ভ্যান।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগার প্রাঙ্গণে লেবু মিয়ার হাতে চার্জার ভ্যানের চাবি তুলে দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। সেখানে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেল সুপার রফিকুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক ও সমাজ সেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

সমাজসেবা অধিদপ্তর সূত্র জানিয়েছে, লেবু মিয়াকে কিনে দেওয়া ভ্যানটির দাম ৫৩ হাজার টাকা।

মুক্তি পেয়ে সরকারের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেবু মিয়া বলেন, জীবনের বড় অংশটাই তো শেষ হয়ে গেছে। তিন ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে আমার জীবনটা অনেক কষ্টের গেছে। জীবনের শেষ মুহূর্তে এসে উপার্জনের জন্য যে ব্যবস্থা করে দেওয়া হলো এটি আমার বাকি জীবনকে এগিয়ে নেবে।

তবে প্রতিপক্ষের সাজানো হত্যা মামলায় সাক্ষ্য-প্রমাণের অভাবে সাজাভোগ করেছেন বলে দাবি করেন লেবু মিয়া।

সমাজ সেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ২০০২ সালের ৩১ জুলাই থেকে ২০২৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত যাবজ্জীবন সাজাভোগ শেষ হয় লেবু মিয়ার। সরকারের সমাজ সেবা বিভাগের উদ্যোগে ওই ব্যক্তিটির পাশে দাঁড়ানো হয়। আমরা তাকে একটি চার্জার ভ্যান দিয়েছি যাতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত