দেশের ১০ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তা আগামীকাল শুক্রবারও অব্যাহত থাকতে পারে। আজ বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কনকনে শীতের মধ্যে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে মানুষের।
তবে শনিবারের মধ্যে বৃষ্টির প্রবণতা কমে আসবে। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির কারণে শীতের অনুভূতিও অনেকটা কমে যাবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পরের ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনো অভাস দেওয়া হয়নি পূর্বাভাসে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার ১৬ জেলায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে অধিকাংশ জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। এ সময়ে ওই জেলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া শৈত্যপ্রবাহের ব্যাপারে ওই পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ, নঁওগাজেলাসহ রংপুর বিভাগের সব জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টাও শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর জেলায়। ওই জেলায় তাপমাত্রা নেমেছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারে।
এদিকে দেশের বেশির ভাগ স্থানে দিনের বেলায়ও কুয়াশা দেখা যাচ্ছে। ফলে সূর্যের তাপও কমে আসছে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে, শুক্র থেকে রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
