কালিয়াকৈরে পুলিশ বক্সের পাশে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:৪৫ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ বক্সের পাশে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রা ত্রিমোড়ে ফ্লাইওভারের নিচে হাইওয়ে ও জেলা পুলিশের দুটি বক্স রয়েছে। সেখানে হাইওয়ে ও জেলা পুলিশ দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চন্দ্রা ফ্লাইওভারের পূর্ব পাশে ওই মহাসড়কের ওপর এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে দুবৃর্ত্তরা। আহত অবস্থায় ওই যুবককে ফেলে রেখে তারা পালিয়ে যায়। ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ওই হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে কালো প্যান্ট, সাদা গেঞ্জি, কালো শার্ট ও কালো সুইটার ছিল।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান জানান, কে বা কারা কি কারণে ওই যুবককে কুপিয়ে হত্যা করেছে, সেটা এখনো জানা যায়নি। তবে নিহতের পরিচয় ও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত