বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী আজ শুক্রবার। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে ইতিপূর্বে বিএনপি ঘোষিত দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ভোরে সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। এ ছাড়া দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে বাণী দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গত বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, ‘আমরা মহান এই নেতার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের উদ্যোগ নিয়েছি। দলের সর্বস্তরের নেতাকর্মীরা “স্বাধীনতার ঘোষক”, “বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা”, “আধুনিক বাংলাদেশের রূপকার” জিয়াউর রহমানকে স্মরণ করবে নানা কর্মসূচির মধ্য দিয়ে। দিবসটিতে পোস্টার ও সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি। দলের সহযোগী সংগঠনের উদ্যোগে হবে আলোচনা সভা।’
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
