স্বাস্থ্য খাতে দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম

স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে স্বাস্থ্য খাতে দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এদিন মন্ত্রী সকাল সাড়ে ১১টায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং সেখানকার সব সুযোগ-সুবিধাগুলো পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন।

এ ছাড়া তিনি হাসপাতালের অপারেশন থিয়েটার, মুজিব কর্নার, শেখ রাসেল কিডস কর্নার এবং হাসপাতাল চত্বর ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সেবা, রোগীদের খাবার এবং পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হঠাৎ করে দুর্নীতি বন্ধ করা কঠিন। তবে আস্থা রাখুন। আমি সারাজীবন দুর্নীতি করিনি, আর ভবিষ্যতেও করব না। আমি থাকাকালীন কোনোরকম দুর্নীতি আমি মেনে নেব না এবং দুর্নীতি করে কেউ রেহাইও পাবে না।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.ফরিদ হোসেন মিঞা, লাইন ডিরেক্টর (উপজেলা হেলথ কেয়ার) ডা.মো. রিজওয়ানুর রহমান, সিভিল সার্জন (নারায়ণগঞ্জ) ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শওকত মহিবুর রব   উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা হক, সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম, সহকারী প্রকোশলী সাইফুল ইসলাম, আরএমও ডা.মো. মোশাররফ হোসেন এবং হাসপাতালের চিকিৎসক ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত