বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আজ শুক্রবার শোভাযাত্রার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়েছিল ছাত্রদল। তবে অনুমতি মেলেনি।
অনুমতি দেওয়া না হলেও এই কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এই শোভাযাত্রা হওয়ার কথা ছিল।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কসহ নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।
গত ১৭ জানুয়ারি র্যালির অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর আবেদন করে ছাত্রদল। দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত র্যালির অনুমতি চাওয়া হয়।
