প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাবেক কৃষিমন্ত্রীকে লতিফ সিদ্দিকীর ‘অশালীন বক্তব্য ও হুমকি’

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:০০ পিএম

সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে পেটানোর হুমকির প্রতিবাদে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন হয়েছে। আজ শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।

মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, নির্বাচনের দিন থেকেই সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর অনুসারীরা কালিহাতীতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। নির্বাচনের পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে হামলা ও মারধর করেছে লতিফ সিদ্দিকীর অনুসারীরা। আতঙ্কে অনেকেই বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এসব ঘটনায় কালিহাতী থানা ও টাঙ্গাইল কোর্টে একাধিক মামলা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হয়ে গত ৯ জানুয়ারি লতিফ সিদ্দিকী অবৈধভাবে কালিহাতী থানা ঘেরাও করেন। এ সময় তিনি মামলার তালিকাভুক্ত আসামিদের ছাড়াতে পুলিশের উপর অবৈধভাবে চাপ প্রয়োগ করেন। একই সঙ্গে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন। এ সময় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি সম্পর্কে অশ্লীল, কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও চরম অপমানকর। সেই দিনই উপজেলা চেয়ারম্যান আনাসর আলী বিকম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে মারধর করা হয়। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে কালিহাতীর সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

তিনি আরও বলেন, লতিফ সিদ্দিকীর অনুসারীদের এ ধরনের কর্মকাণ্ড চলমান থাকলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের লোকজন এর সমুচিত জবাব দেবে।

সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, সিনিয়র সহ-সভাপতি ও দশকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূইয়া, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান,  নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লব, বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান ফরিদ, বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ খান, কোকডহরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শিপলুসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত