পিসিবির অন্তবর্তীকালীন চেয়ারম্যান শাহ খাওয়ার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১২:০৭ পিএম

জাকা আশরাফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গতকালই। একদিন পার হতে না হতেই অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শাহ খাওয়ারকে। যিনি বর্তমানে বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছিলেন।

নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। পিসিবির আসন্ন নির্বাচন সুষ্ঠু উপায়ে হচ্ছে কিনা সেটাও তদারকি করবেন তিনি। নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি আসন্ন নির্বাচনের দিকেই বেশি নজর দেওয়াই তার প্রধান কাজ।

এদিকে কদিন আগেই পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আনোয়ার-উল-হক কাকার। এরপরই পিসিবি প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আশরাফ। পিসিবির নিয়ম অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানকে নিয়োগ দেবেন বলে জানা গেছে।

২০২৩ সালের জুলাই মাসে জাকা আশরাফকে পিসিবির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এরপর থেকেই তিনি পিসিবির এই শীর্ষ দায়িত্ব পালন করে আসছিলেন। যদিও বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও তার সম্পর্কের অবনতি হয়। তার আমলেই তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। পাকিস্তানের কোচিং প্যানেল ও বোর্ডেও বড় ধরনের পরিবর্তন এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত