ঘাটাইলে স্বাধীনতাযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল উদ্ধার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১১:২৩ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে স্বাধীনতাযুদ্ধে ব্যবহৃত পাকিস্তানি বিমান বাহিনীর একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) ঘাটাইল থানার বাউন্ডারি দেয়াল সংলগ্ন স্থান থেকে এটি উদ্ধার করা হয়। বিদ্যুৎ বিভাগের কর্মীরা খুঁটি পোঁতার জন্য খনন কাজ করার সময় অবিস্ফোরিত অবস্থায় শেলটি খনন যন্ত্রের সঙ্গে উঠে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার পরিদর্শক তদন্ত সজল খান।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাটাইল থানার বাউন্ডারি দেয়াল সংলগ্ন স্থানে সকাল ১০ টার দিকে বিদ্যুতের খুঁটি পোঁতার জন্য খনন কাজ করছিলেন পল্লী বিদ্যুতের কয়েকজন কর্মী। এ সময় খনন যন্ত্রের সঙ্গে লোহা সদৃশ একটি বস্তু উঠে আসে। বস্তুটি দেখতে অস্বাভাবিক এবং শেলের মতো হওয়ায় তারা দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বিষয়টি ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস এবং পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়।

পরে সেনাবাহিনীর একটি টিম অবিস্ফোরিত শেলটি পর্যবেক্ষণ করে জানান, এটি ১৯৭১ সালে পাকিস্তানি বিমান বাহিনীর ব্যবহার করা শেল।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, অবিস্ফোরিত শেলটি থানায় রাখা আছে। এরই মধ্যে সেনাবাহিনীর একটি টিম এসে পর্যবেক্ষণ করেছেন। তাদের ভাষ্য, শেলটি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। সম্ভবত এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্যবহার করা পাকিস্তানি বিমান বাহিনীর শেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত