১১তলা ভবনের ছাদ থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৩:২৫ পিএম

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ওয়াসিত্ব টাওয়ার-২ এর ছাদ থেকে পড়ে ফিরোজা বেগম (৫২) নামের এক চক্ষু চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক কন্যার সন্তান রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ফ্লাটের লোকজন জানায়, সোমবার সকালে ডাক্তার ফিরোজা বেগমকে ওয়াসিত্ব টাওয়ার ১১ তলার ছাদে হাঁটাহাঁটি করছিলেন। একপর্যায়ে তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েন। স্থানীয়রা এগিয়ে গেলে তাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের স্বামী ডা. নিরঞ্জন কুমার বলেন, তিনি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুই ভবনের মাঝের রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখতে পান। এ সময় লাশের মাথা থেকে রক্ত বের হতে দেখা যায়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধরণা করা হচ্ছে। তবে সঠিক কি কারণে আত্মহত্যা করেছেন তা তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত