অ্যালকোহল সংক্রান্ত ঘটনায় গত শুক্রবার অ্যাডিলেডের হাসপাতালে যেতে হয় অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। এ ঘটনাকে সহজভাবে নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
মেলবোর্ন স্টার এর বিগ ব্যাশ সফর শেষ হওয়ার পর একটি গলফ ইভেন্টে অংশ নিতে অ্যাডিলেডে ছিলেন ম্যাক্সওয়েল। তিনি যখন হাসপাতালে ভর্তি হন তার আগে ব্রেট লির গানের দল ‘সিক্স অ্যান্ড আউট’ এর উপস্থাপনা উপভোগ করতে গিয়েছিলেন। সেখানেই এ ঘটনা ঘটে। তার পর হাসপাতালে যেতে হতে হয় ম্যাক্সওয়েলকে। অবশ্য খুব অল্প সময়ের জন্যই হাসপাতালে ছিলেন ম্যাক্সি। কিন্তু সে সময়ে ওই অনুষ্ঠানে কী হয়েছিল তা বিস্তারিতভাবে জানা যায়নি।
ক্রিকেট অস্ট্রেলিয়া এই বিষয়ে পূর্ণ তদন্ত করবে বলে জানিয়েছে। এদিকে উইন্ডিজের বিপক্ষে ঘোষিত অস্ট্রেলিয়ার পরিবর্তিত ওয়ানডে স্কোয়াডে জায়গা হারিয়েছেন ম্যাক্সওয়েল। বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ‘অ্যাডিলেডে ম্যাক্সওয়েলের সঙ্গে ঘটা ঘটনা সম্পর্কে সিএ জ্ঞাত রয়েছে। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে ওয়ানডে স্কোয়াডে তার না থাকার সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই। বিগ ব্যাশ পরবর্তী খেলোয়াড় ব্যবস্থাপনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরবেন ম্যাক্সওয়েল।’
এর আগে ভারতে বিশ্বকাপ চলাকালে গলফ কার্ট থেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। বিশ্বকাপ ম্যাচ খেলা থেকেও ছিটকে পড়েছিলেন তিনি। তার আগে ২০২২ সালে জন্মদিনের অনুষ্ঠানে পিছলে পড়ে গিয়ে পা ভেঙ্গে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে যান ম্যাক্সওয়েল।
