খেলা নিয়ে ছাত্রদের দ্বন্দ্বের জের

বড়াইগ্রামে দুদল গ্রামবাসীর সংঘর্ষে পাঁচজন আহত

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০১:০৯ এএম

নাটোরের বড়াইগ্রামে গতকাল সোমবার স্কুলছাত্রদের ভলিবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে কয়েন ও ধানাইদহ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ঘে পাঁচজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে ধানাইদহ গ্রামের ওমর আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন একই গ্রামের মামুন মালিথা, সাহাবুল ইসলাম; কয়েন গ্রামের আবদুর রহমান, রাজু আহম্মেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল খেলা নিয়ে ধানাইদহ গ্রামের উকিল আলীর ছেলে মিল্টন হোসেনের (১৫) সঙ্গে কয়েন গ্রামের রবিউলের ছেলে আজিজুল ইসলামের (১৫) দ্বন্দ্ব হয়। এ সময় ধানাইদহ গ্রামের কয়েকজন আজিজুলকে মারপিট করে। আজিজুল বাড়ি গিয়ে বিষয়টি জানালে কয়েন গ্রামের রাজু আহমেদের নেতৃত্বে ১৫-২০ জন ওই বিদ্যালয়ের ছাত্র ও ধানাইদহ গ্রামের সিফাত, আতাউর, শাহরিয়ার ও শাওনকে মারপিট করে। মারপিটের শিকার এসব ছাত্র বাড়িতে গিয়ে জানালে ধানাইদহ গ্রামের শতাধিক মানুষ কয়েন বাজারে এসে জড়ো হন। এ সময় কয়েন গ্রামের দেড়-দুইশ মানুষ সংঘবদ্ধ হয়ে বাজারে এলে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। তখন নাটোর-পাবনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে পাঁচজন আহত হন।

পরে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত