বর্ষসেরা ওয়ানডে দলে রোহিত-কোহলিসহ ৬ ভারতীয়

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩৫ পিএম

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। তবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মাত্র দুজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। রানার্সআপ হওয়া ভারতের ৬ ক্রিকেটার আছেন বর্ষসেরা ওয়ানডে একাদশের তালিকায়।

আইসিসির বর্ষসেরা একাদশের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। বছর জুড়ে ভারতীয় ক্রিকেটারদের দারুণ পারফরম্যান্সের কারণেই একাদশে দেশটির খেলোয়াড় সংখ্যা বেশি।

গেল বছরে ওয়ানডেতে রোহিত শর্মা ব্যাট হাতে করেন ১২৫৫ রান। গড়টা ৫২। বছরে পাঁচ সেঞ্চুরি করা শুবমান গিল আছেন আরেক ওপেনার হিসেবে। গিল ১৫৮৪ রান করেছেন।

তিনে হেড। বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিলেন ১৩৭ রানের ইনিংস। চারে বিরাট কোহলি। গেল ক্যালেন্ডার ইয়ারে কোহলি করেন ১৩৭৭ রান। ভেঙেছেন শচিন টেন্ডুলকারের সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড।

ড্যারেল মিচেল নিউজিল্যান্ডের হয়ে ৫২.৩৪ গড়ে ১২০৪ রান করে আইসিসির একাদশে জায়গাটা পাঁকা করেন। উইকেটকিপার হিসেবে একাদশে আছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। আরেক প্রোটিয়া মার্কো ইয়ানসেনও আছেন দলে।

২০২৩ সালে ওয়ানডেতে ৩৮টি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। তিনিও আছেন একাদশে।

এশিয়া কাপ ফাইনালে মোহাম্মদ সিরাজ করেছিলেন তার ক্যারিয়ারসেরা বোলিং। ২১ রানে ৬ উইকেট। ভারতের হয়ে দারুণ পারফরম্যান্সে জায়গা পেয়েছেন আইসিসির বর্ষসেরা একাদশে।

একাদশের পরের দুজনও ভারতীয়। আছেন গেল বছর ৪৯ উইকেট নেওয়া কুলদিপ যাদব ও বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৭ রানে ৭ উইকেট নেওয়া মোহাম্মদ শামি।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, হেনরিখ ক্লাসেন (উইকেট কিপার), মার্কো ইয়ানসেন, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ সিরাজ, কুলদিপ যাদব ও মোহাম্মদ শামি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত