ভারতের মিজোরামে রানওয়ে থেকে ছিটকে পড়ে মিয়ানমারের সেনাবাহিনী বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে করে বিমানে থাকা ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় ১১টা নাগাদ মিজোরামের লেংপুই বিমারবন্দরে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মিজোরামের ডিজিপি জানিয়েছেন, বিমানটিতে পাইলটের সঙ্গে আরও ১৪ জন আরোহী ছিলেন। আহতদের লেংপুই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মিজোরামের লেংপুই বিমারবন্দরে অবতরণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শানসি ওয়াই-৮ নামক সামরিক বিমানটি। এ সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়।
মিজোরামের লেংপুই বিমানবন্দরের রানওয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ১২২৮ ফুট উচ্চতায় অবস্থিত এবং দৈর্ঘ্যে ২৫০০মিটার লম্বা। বিমানবন্দরটি তার চ্যালেঞ্জিং পরিবেশ ও প্রকৃতির জন্য পরিচিত।
সম্প্রতি মিয়ানমারে বিদ্রোহীদের সাথে সংঘাতের মধ্যেই সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশ করছে দেশটির সেনারা। গত সপ্তাহে মোট ২৭৬ জন মিয়ানমার সেনা মিজোরামে অনুপ্রবেশ করে। এরইমধ্যে ১৮৪ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
বাকি ৯২ জনকে আজ ফেরত পাঠানোর কথা। তাদের কয়েকজনকে দেশে ফেরাতে মিজোরামে এসেছিল বিমানটি।
