দুই প্রতিবেশীর ‘জঙ্গি লালন’ নিয়ে উত্তেজনা কূটনৈতিক মাত্রা ছাড়িয়ে সামরিক পর্যায়ে পৌঁছানোর পর সম্পর্ক মেরামতে মনোযোগী ইরান-পাকিস্তান। সম্পর্ক ঠিক করতে ২৯ জানুয়ারি পাকিস্তান সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুলাহিয়ান। গতকাল সোমবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফরের মধ্য দিয়েই তেহরান ও ইসলামাবাদ পারস্পরিক উত্তেজনা কমিয়ে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা চালানোর ইঙ্গিত দিয়েছেন।
গত সপ্তাহে দুই দেশ পরস্পরের ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করে। এতে দুই দেশের মধ্যে সম্পর্কে চিড় ধরে ও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার পরপরই দুই দেশ তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে।
প্রাথমিকভাবে উত্তেজনা প্রশমনে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে ফোনালাপের পর এবার দ্বিপাক্ষিক সফরের খবর সামনে এলো।
প্রসঙ্গত, সীমান্ত প্রদেশ সিস্তান-বালোচিস্তানে সামরিক স্থাপনায় হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী ‘জইশ-ই-আদল’কে দায়ী করে ইরান। অন্যদিকে ইরান পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে সহায়তা করে বলে অভিযোগ রয়েছে ইসলামাবাদের।
অবশেষে শান্তিতে সম্মত পাকিস্তান-ইরান