শঙ্কা ছিল ড্রাফটের দিন থেকেই। বিপিএলে দলে ক্রিকেটার টানার দিনে উপস্থিত ছিলেন না মাশরাফী বিন মোর্ত্তজা। দলটির অন্যতম কর্ণধার ও সিলেট স্ট্রাইকার্স অধিনায়কের বন্ধু শুভ্র ইউসুফ জানিয়েছিলেন নির্বাচনের জন্য পুরো মৌসুম তাকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরে জানা যায়, হাঁটুর সমস্যা ভোগাচ্ছে তাকে। লাগতে পারে অস্ত্রোপচার।
বিপিএল শুরুর ঠিক আগমুহূর্তে অবশ্য সিলেট স্ট্রাইকার্সের আরেক কর্ণধার জগলুল হুদা মিঠু বলেছিলেন, ‘বল-ব্যাট করতে না পারলেও সমস্যা নেই। তবুও মাশরাফী দলে খেলুক।’
মাশরাফী অবশ্য প্রথম ম্যাচ থেকেই খেলছেন সিলেটের জার্সি গায়ে। বোঝাই যাচ্ছে মালিকপক্ষের চাপে তাকে খেলতে হচ্ছে। কিন্তু তিনি কি উপভোগ করছেন? হাটুর চোট বলে কথা। সেটার অস্ত্রোপচার প্রয়োজন হলে এখনই কি জরুরি না? এমন প্রশ্নে অবশ্য মাশরাফীর মত, এখনই আদর্শ সময় না।
আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি। অস্ত্রোপচার নিয়ে প্রশ্ন উঠতেই মাশরাফী সেখানে বলেছেন, ‘না সেটা অবশ্যই। বাট টু বি ভেরি অনেস্ট আইডিয়াল সিচুয়েশনে না হলে ভালো হয়। বাট সবকিছু যেটা অনেক কিছু এক্সপ্লেনেশন করা যায় না। আইডিয়ালি হয়তো বা আরেকটু… আমার সবকিছু ঠিক আছে, জাস্ট হাঁটুর সমস্যাটা হচ্ছে খুব ছোট বাট ভোগাচ্ছে।’
চোট যত ছোটই হোক, তবুও সেটা বিপদজনক। কিন্তু মাশরাফীকে খেলতে হচ্ছে সেটা বয়ে নিয়েই। এমন আনফিট অবস্থায় খেলতে নামা দলের তরুণদের সুযোগ নষ্ট কররে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সব জিনিস সব জায়গায় এক্সপ্লেইন করা যায় না। সো অভিয়াসলি আমি যেটা মনে করেছি আইডিয়াল সিচুয়েশন না। আর কে খেললে কে ভালো হতো সেটা পরের বিষয়, সেটা টিমের বিষয়। দেখা গেল ওকে না খেলিয়ে আরেকজনকে খেলাতে পারত। সেটা ভিন্ন জিনিস। কে খেললে কে ভালো হতো ওটা তো টিম কারও সাথে আলোচনায় বসবে না বা করবে না। বাট যেটা আপনি বলছেন আইডিয়াল সিচুয়েশন অভিয়াসলি ওইটাই হওয়া উচিত।’
