চট্টগ্রামের বাঁশখালীর শীলকুপে ওয়ারেন্টভুক্ত আসামি জিয়াউর রহমানকে (৫২) ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এতে ৪ পুলিশ সদস্য ও একজন গ্রাম পুলিশ আনসার সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় শীলকুপ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড এলাকার এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাঁশখালী থানার উপ-পরিদর্শক মং থোয়াই হ্লা চাকের নেতৃত্বে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জিয়াউর রহমানকে (৪৫) গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ সদস্যদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় আসামি পক্ষের লোকজন। এতে এসআই মং থোয়াই হ্লা চাক,পুলিশ সদস্য আনোয়ার হোসেন, মো. ইব্রাহিম আহন হন।
এ সময় পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় আসামির বাড়ি ঘেরাও করেন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে তাকে ঘর থেকে বেরিয়ে আসতে বলা হয়। ঘর থেকে বের না হওয়ায় আনসার সদস্য নাসির ঘরের কাছাকাছি গেলে তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় অভিযুক্ত। এসময় আনসার সদস্যের কানে জখম হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে ।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. তোফায়েল আহমেদ বলেন, আসামি জিয়াউর রহমান ২০১৯ সালের ১৯ মার্চ ধারালো অস্ত্র নিয়ে বঙ্গভবনে প্রবেশকালে পুলিশ বাধা দিলে একইভাবে পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তখন তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা হয় । এছাড়াও তার বিরুদ্ধে ডিএমপিতে তিনটি মামলা চলমান আছে। সে জামিন নিয়ে আত্নগোপনে চলে যায় ।
