খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিপিএফ) এর দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহালছড়ির দুরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রবি কুমার চাকমা (৬৫) ও শান্ত চাকমা বিমল (৫২)। তারা ইউপিডিএফর কর্মী বলে দাবি করেছে সংগঠনটির মুখপাত্র নিরন চাকমা। এ ঘটনায় রহিন্দ্র চাকমা টিপন (৩২) নামে আরেক কর্মী নিখোঁজ রয়েছেন।
ইউপিডিএফর সংগঠক অংগ্য মারমা জানান, সাংগঠনিক কাজে মহালছড়ির দুরছড়িতে অবস্থান করছিলেন তিন কর্মী। সকালে অতর্কিত ভাবে নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালালে দুজন কর্মী গুলিতে নিহত হয় এবং একজন নিখোঁজ রয়েছে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
