ব্রিসবেন হিটকে চ্যাম্পিয়ন করে জস ব্রাউন খেলতে আসছেন বিপিএলে। খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম বিষয়টি নিশ্চিত করেছে।
দু’দিন আগে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি ব্রিসবেন হিটের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন জস ব্রাউন। একইসঙ্গে লিগটির ইতিহাসে তিনি এক ম্যাচে সর্বোচ্চ ১২টি ছক্কা মারারও রেকর্ড গড়েন। আজ সিডনি সিক্সার্সের বিপক্ষে ৩৮ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলেন।
সোমবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল ব্রিসবেন। আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত পাওয়ার হিটিংয়ের নিদর্শন রাখেন ব্রিসবেনের ওপেনিং ব্যাটসম্যান ব্রাউন। তার ব্যাটিং ঝড়ে একেবারে খড়কুটোর মতো উড়ে যায় প্রতিপক্ষ বোলাররা। ৫৭ বলে ১৪০ রানের ইনিংস খেলার পথে মাত্র ৪১ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। তার এই ইনিংসকে 'জীবনের সেরা ইনিংস' বর্ণনা করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী মার্ক ওয়াহ।
৩০ বছর বয়সী ব্রাউন নিজেই নিজের ব্যাট বানান। তিনি কুপার ক্রিকেটের প্রতিষ্ঠাতা রড গ্রে-এর সাথে ব্যাট তৈরির কাজ করেন। তিনি নিজে শত শত কুপার ব্যাট তৈরি করেছেন এবং তার সঙ্গীদের জন্য হাজার হাজার মেরামত করেছেন। কুপার নিজেই জানিয়েছেন, 'আমি আমার নিজের ব্যাট, কুপার বাইসন তৈরি করেছি...এটি দুর্দান্ত ব্যাট। এটি আমার নিজের তৈরি করা নতুন ব্যাটগুলির মধ্যে একটি এবং আমি এটির প্রেমে পড়েছি। আমার সব সহখেলোয়াড় আমাকে তাই 'বাইসন' বলে ডাকে।'
এবারের বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচে খেলেছে চট্টগ্রাম। যেখানে দুটিতেই বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি জয় পেয়েছে। ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে অবস্থান করছে তারা।
