মানবতাবিরোধী অপরাধে শেরপুরের ৩ আসামির রায় যেকোনো দিন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:১৯ পিএম

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলার তিনজনের রায় জানা যাবে যেকোনো দিন। আজ বুধবার মামলার সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় যেকোনো দিন ঘোষণা করা হবে মর্মে অপেক্ষমান রাখেন।

কারাগারে থাকা তিন আসামি হলেন- আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ও এ কে এম আকরাম হোসেন। আসামিদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগের চারটি অভিযোগের ওপর শুনানি হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন।

আদালতে প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও আব্দুস সাত্তার পালোয়ান।

অ্যাডভোকেট রেজিয়া সুলতানা চমন জানান, এ তিনজনসহ নকলার চারজনের বিরুদ্ধে তদন্ত শেষে ২০১৭ সালের ২৬ জুলাই প্রসিকিউশনে প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা। একই বছরের ৩১ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ২০১৮ সালের ৩০ আগস্ট আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়। তবে, বিচার চলাকালে এমদাদুল হক খাজা নামে এক আসামি মারা যান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত