ক্যানসার নিরাময়ের আশায় ছেলেকে গঙ্গায় ডুবিয়ে কী পেলেন বাবা-মা ?

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০১:৪৩ পিএম

বাবা-মায়ের অন্ধবিশ্বাসের বলি হলো পাঁচ বছরের শিশু। ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশুটির আরোগ্য লাভের আশায় বার বার তাকে গঙ্গায় ডুবিয়েছিলেন বাবা-মা, পরিণামে চিরতরে ছেলেকে হারালেন তারা। গতকাল বুধবার ভারতের হরিদ্বারে ঘটেছে এই ঘটনা। মর্মান্তিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ওই শিশুটির বাড়ি দিল্লিতে। সে ছিল ক্যানসারে আক্রান্ত। গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাই শিশুটির ক্যানসার ‘অলৌকিক’ উপায়ে সারিয়ে তোলার জন্য বুধবার তাকে নিয়ে হরিদ্বারে গিয়েছিলেন তার বাবা-মা। তাদের সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। শিশুটিকে নিয়ে হরিদ্বারের হর-কি-পৌড়ি ঘাটে যান তারা। সেখানে অসুস্থ সন্তানকে বার বার গঙ্গায় ডোবান তারা। পুলিশ ধারণা করছে, তীব্র ঠাণ্ডা এবং বার বার পানিতে ডোবানোয় শ্বাস বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

আশপাশের মানুষদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির মরদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গেছে, ওই শিশুটির মরদেহের পাশে বসে আছেন তার মা। ওই নারীকে হাসতে হাসতে বলতে শোনা যায়, ‘এবার আমার ছেলে উঠে দাঁড়াবে। আমি জানি ঠিক উঠে দাঁড়াবে।’ যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।    

হরিদ্বারের পুলিশ কর্মকর্তা স্বাধীন কুমার সিং বলেন, ওই শিশুটির বাবা-মা তার ক্যানসারের চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু সম্প্রতি চিকিৎসকরা জানান যে, শিশুটির বাঁচার আশা কম। এরপরেই ছেলেকে ‘অলৌকিক উপায়ে’ সারিয়ে তোলার জন্য তাকে নিয়ে হরিদ্বারে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই দম্পতি। শিশুটির মৃত্যুর ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। পুরো বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত