রাঙ্গাবালীতে এখনো পৌঁছেনি নবম শ্রেণির পাঠ্যবই

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০২:২৭ এএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নবম শ্রেণির কোনো বিষয়েরই বই পায়নি স্কুলের শিক্ষার্থীরা। উপজেলার ১২টি স্কুলে শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি নতুন শিক্ষাবর্ষের বই। ফলে নবম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষাক্রম অনুযায়ী উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক হাজার ২০০ শিক্ষার্থীর জন্য ১৩টি বিষয়ের ১৫ হাজার ৬০০ বইয়ের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে চাহিদা দেওয়া হয়েছে। একইসঙ্গে এ উপজেলার ১১টি মাদ্রাসার ৮৭০ জন নবম শ্রেণির শিক্ষার্থীর জন্য ১৪টি বিষয়ের ১২ হাজার ১৮০টি বইয়ের চাহিদা দেওয়া হয়। চাহিদা অনুযায়ী গত মঙ্গলবার মাদ্রাসার বইগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায়। কিন্তু এখনো আসেনি স্কুলের বই। তাই গতকাল বৃহস্পতিবার পর্যন্ত স্কুলের নবম শ্রেণির বই সরবরাহ করা যায়নি।    

জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে দেওয়া চাহিদা অনুযায়ী অন্যান্য শ্রেণির বই গত বছরের ডিসেম্বর মাসেই সরবরাহ করা হয়। তাই বই উৎসবে সেসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলেও এখনো মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেনি নবম শ্রেণির কোনো বই। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নবম শ্রেণির পাঠদান ব্যাহত হচ্ছে।

রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন নেছার বলেন, অন্যান্য এলাকায় সব বই পেয়েছে। অথচ এখনো আমাদের শিক্ষার্থীরা নবম শ্রেণির কোনো বই পায়নি। অষ্টম শ্রেণিতেও কোনো কোনো বই এখনো আসেনি। নতুন কারিকুলাম। তাই পুরনো বইতেও পড়ানো যাচ্ছে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর বলেন, বিষয়টি নিয়ে এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রকসহ ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত